খবর ২৪ ঘন্টা , ডেস্ক
স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা এলাকায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাফি পানিতে ডুবে যেতে থাকে। তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেয় তার চাচাতো ভাই ও সহপাঠী জুবায়ের। একপর্যায়ে দুজনই নদীর পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধারের চেষ্টা চালালেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। নিহত সাফি ওই এলাকার কামাল হোসেনের ছেলে এবং জুবায়ের জামাল হোসেনের ছেলে।
অন্যদিকে, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা (বটপুকুর) গ্রামে নিজ বাড়িতে বালতির পানিতে ডুবে আসমাউল হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সে পানিভর্তি বালতিতে পড়ে যায় বলে জানা গেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসমাউল ওই গ্রামের মো. মানিকের ছেলে।
তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী।
একই দিনে পৃথক দুই ঘটনায় তিন শিশুর মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়েছে দুই উপজেলার বাসিন্দারা। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন