খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জাল টাকাসহ মো. ফিরোজ আহম্মেদ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের আমতলা এলাকায় আ. হান্নান সেখের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যমানের দুটি জাল নোটসহ মোট ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ফিরোজ আহম্মেদ উপজেলার কাবারীপাড়া গ্রামের মো. বাচ্চু সেখের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত জাল নোটগুলো আসল টাকা হিসেবে বাজারে চালানোর উদ্দেশ্যে তিনি নিজের কাছে সংরক্ষণ করেছিলেন। এ অভিযোগে তার বিরুদ্ধে পেনাল কোডের ৪৮৯(খ) ও ৪৮৯(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন রায়গঞ্জ থানার রিপন বাবু।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া নোটগুলো প্রাথমিকভাবে জাল বলে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”
পরে বুধবার (২৪ জুন) গ্রেপ্তারকৃত আসামিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ আমলি আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জাল নোট প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসাধারণকে জাল নোট শনাক্তকরণে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
মন্তব্য করুন