খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বুধবার (২৪ জুন) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক (নৃত্য) বিভাগে প্রথম স্থান অর্জনকারী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী এবং ১০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফে প্রথম স্থান অর্জনকারী মো. রাকিবুল ইসলাম রিফাতের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রায়হানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জন উল্লাপাড়ার জন্য গর্বের বিষয়। তাদের সাফল্য উপজেলার অন্যান্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রায়হানুল ইসলাম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার সমন্বয়েই এ ধরনের সাফল্য অর্জন সম্ভব। ভবিষ্যতেও তারা দেশের জন্য আরও সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
মন্তব্য করুন