খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমূড়া এলাকায় একটি জামে মসজিদে যাতায়াতের জন্য নির্দিষ্ট রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় মুসল্লিরা। একই সঙ্গে এলাকাবাসী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মিরের দেউলমূড়া এলাকায় হাফেজ মো. রফিকুল ইসলামের বাড়ি থেকে নুরনবী কবিরাজের বাড়ি সংলগ্ন জামে মসজিদে যাওয়ার জন্য দীর্ঘদিনেও কোনো সুনির্দিষ্ট রাস্তা নির্মাণ করা হয়নি। ফলে মুসল্লিদের মসজিদে যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এলাকাবাসী জানান, মসজিদে যাতায়াতের পাশাপাশি সাধারণ মানুষ, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদেরও চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পুকুরের পাড় ঘেঁষে থাকা কাঁচা পথটি কাদামাটিতে পিচ্ছিল হয়ে যায়। তখন ওই পথ দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
স্থানীয় মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে দুর্ভোগ পোহালেও স্থায়ী কোনো সমাধান হয়নি। মসজিদে নিয়মিত নামাজ আদায়সহ শিক্ষার্থী ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য দ্রুত একটি রাস্তা নির্মাণ করা প্রয়োজন।
এ অবস্থায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে অন্তত প্রায় ৬০০ ফুট নতুন রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেছেন তারা।
মন্তব্য করুন