খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইহাজীপুর গ্রামের সাংবাদিক শামীম উদ্দিন খানের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এ সময় সরাইহাজীপুর আদর্শ গ্রামের কয়েকজন ক্ষুদে শিক্ষার্থীও তালবীজ রোপণ কার্যক্রমে অংশ নেয়।
উদ্যোক্তারা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের সাসেক প্রকল্পের আওতায় ছয় লেনের কাজ শেষ হওয়ায় সড়কের দুই পাশে গাছ লাগানোর উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। নতুন সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে তালগাছ বেড়ে উঠলে একদিকে যেমন মহাসড়কের সৌন্দর্য বাড়বে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাল একটি পুষ্টিকর ও জনপ্রিয় ফল। পাশাপাশি তালগাছ দীর্ঘমেয়াদি পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক বলে মনে করেন সংশ্লিষ্টরা।
তালবীজ রোপণ কর্মসূচির উদ্যোক্তা সাংবাদিক শামীম উদ্দিন খান বলেন, “প্রকৃতি ও পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রত্যেক নাগরিকের। মহাসড়কের দুই পাশে তালগাছ বেড়ে উঠলে ভবিষ্যতে এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে। দেশের স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান—দেশ বাঁচান। আজকের রোপণ করা গাছগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ সম্পদ হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এ কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
মন্তব্য করুন