খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পারকোদলা বেসরকারি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. আলমগীর হোসেন।
লিখিত বক্তব্যে মাওলানা আলমগীর হোসেন বলেন, গত শনিবার সকালে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাদ্রাসায় দাওয়াত দেওয়া হয়েছিল। ওই সময় প্রচণ্ড গরম এবং মাদ্রাসার মাঠে পানি জমে থাকায় তাঁদের মসজিদের ভেতরে বসার ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, মসজিদের ভেতরে কোনো রাজনৈতিক সভা বা রাজনৈতিক আলোচনা হয়নি। সেখানে এতিমখানার শিক্ষার্থী এবং মসজিদ-মাদ্রাসার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় নির্মাণাধীন মসজিদটির বিভিন্ন অসম্পন্ন কাজও সংসদ সদস্য পরিদর্শন করেন।
মাদ্রাসার মোহতামিমের দাবি, মাদ্রাসা ও মসজিদের উন্নয়নসংক্রান্ত ওই আলোচনাকে রাজনৈতিক সভা হিসেবে উপস্থাপন করে একটি অসাধু চক্র সংসদ সদস্য, স্থানীয় নেতাকর্মী এবং মসজিদ-মাদ্রাসাকে বিতর্কিত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্যসহ বিএনপির নেতাকর্মীদের নিয়ে যে সংবাদ ও প্রচার হয়েছে, তা তাঁদের কাছে ভিত্তিহীন বলে মনে হয়েছে। প্রকৃত ঘটনা যাচাই না করে এ ধরনের প্রচার মাদ্রাসা ও মসজিদের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মসজিদটি এখনো নির্মাণাধীন। এর বেশ কিছু কাজ অসম্পন্ন রয়েছে। বর্তমানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তবে এখনো নিয়মিত খুতবা চালু হয়নি।
সংবাদ সম্মেলনে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মসজিদ ও মাদ্রাসাকে কোনো রাজনৈতিক বিরোধের সঙ্গে না জড়ানোর অনুরোধ করা হয়।
সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন