খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বনানী বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন রিপন কুমার কর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিপন কুমার কর ঢাকার শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডেলিভারি কাউন্টারের সাবেক সিএসও ছিলেন। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের তপন কুমার করের মেজ ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করেন। বাসটি ঢাকা থেকে বগুড়াগামী আরকে পরিবহনের বলে জানা গেছে। বগুড়ার শেরপুর হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরে রিপন কুমার করের মরদেহ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা মুন্ডুমালা মহাশ্মশানে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক নাবালক ছেলে রেখে গেছেন।
রিপন কুমার করের অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চান্দাইকোনা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে গভীর শোক।
রিপনের মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন।
এদিকে, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিপন কুমার করের অকালপ্রয়াণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড এস এম শহিদুল্লাহ সবুজ, সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড ইসমাইল হোসেন এবং সাধারণ সম্পাদক কমরেড শেখ মোস্তফা নুরুল আমীন গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রিপন কুমার করের অকালপ্রয়াণে ‘দুর্জয় বাংলাদেশ’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি লাবণ্য স্বপ্না, সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমীন, নির্বাহী সম্পাদক জয়নাল আবেদীনসহ পত্রিকাটির পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ রিপন কুমার করের অকালপ্রয়াণে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন