খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালক জাহের আলী হত্যা মামলার প্রধান আসামি রাছেলকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাছেল উপজেলার তেলিজানা আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা মো. আবু হাসেমের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং একাধিকবার নিজের অবস্থান পরিবর্তন করেন।
গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর র্যাব-৪–এর সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে শনিবার (২ মে) ভোররাতে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলামের নেতৃত্বে তাকে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান জানান, “গত কয়েকদিন ধরে আমরা আসামির অবস্থান শনাক্তে কাজ করছিলাম। সে বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিল। সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।”
তিনি আরও জানান, বর্তমানে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।#
মন্তব্য করুন