খবর ২৪ ঘন্টা , ডেস্ক
কৃষকদের কাছ থেকে উৎপাদিত ধান সংগ্রহে কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপি। তিনি বলেছেন, “কৃষক যত পরিমাণ ধান দিতে পারবেন, সরকার তত পরিমাণই ধান কিনবে।”
রবিবার বিকেলে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকেরা যেন নির্ধারিত সংগ্রহ কেন্দ্রে সহজে ধান নিয়ে যেতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে জানানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বোরো সংগ্রহ অভিযানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে।
খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল হক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান এবং আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোয়েতাছেমুর রহমান জানান, নেত্রকোণা জেলায় ২০ হাজার ৪১৫ হেক্টর জমির ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে চাল কেনার বরাদ্দ এখনও পাওয়া যায়নি।
সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করবে। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এ বোরো সংগ্রহ অভিযান চলবে।
মন্তব্য করুন