খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাট ও নগরডালা এলাকাসহ বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জ। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করা হয় এবং একজন আসামি পলাতক রয়েছে।
জানা যায়, সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি নিয়মিত মামলা এবং দুটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) মামলা রয়েছে। নিয়মিত মামলা নং-১১ এবং এম/সি মামলা নং-৫২/২৬ ও ৫৩/২৬ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
অভিযানে নিয়মিত মামলায় ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার সময় আরও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। নিয়মিত মামলার একমাত্র আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ভ্রাম্যমাণ আদালতে আটক দুই আসামিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের বাদী ও প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন দুলাল চন্দ্র প্রামানিক, উপ-পরিদর্শক (খ সার্কেল), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন