সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশে নতুন গরুর হাটের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, খামারি, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো হাট প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
হাট কমিটির সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভিপি আয়নুল হক এমপি।
আয়োজকরা জানান, স্থানীয় কৃষক ও খামারিদের সুবিধার কথা বিবেচনা করে আধুনিক ব্যবস্থাপনায় এই পশুর হাট চালু করা হয়েছে। হাটে দেশীয় বিভিন্ন জাতের গরু উঠেছে এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যানবাহন পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক এমপি বলেন, কৃষি ও খামারভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, “এই হাট স্থানীয় খামারিদের ন্যায্যমূল্যে গরু বিক্রির সুযোগ সৃষ্টি করবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান মতি, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েলসহ উপজেলা, থানা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, সাহেবগঞ্জ বাজারের এই পশুর হাট ভবিষ্যতে অঞ্চলের অন্যতম বৃহৎ পশুর হাটে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনের প্রথম দিন থেকেই ব্যাপক বেচাকেনার সম্ভাবনা দেখা গেছে। হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।