খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রোববার (১০ মে) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোবহান প্রামাণিক ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে এবং স্থানীয় দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সাবেক ম্যানেজার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে শয়নকক্ষে প্রবেশ করে ঘুমন্ত সোবহান প্রামাণিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় তার স্ত্রী শেফালী খাতুন চিৎকার করে বাধা দিলে তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
শেফালীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এসময় গ্রামবাসী হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে রক্তমাখা কাপড়সহ আটক করে। পরে তাকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক হায়দুল একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্বজনদের দাবি, এলাকার একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের বাবা-ছেলেকে হত্যা করা হয়েছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন