খবর ২৪ ঘন্টা , ডেস্ক
আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, রোববার সকাল প্রায় ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহে যান। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার এসে বাবলু গাজীর ওপর আক্রমণ চালায়।
তার সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার করে এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।
আহতের পিতা মালেক গাজী বলেন, “আমরা একসাথে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো জীবিত আছে।”
স্বজনরা জানান, বাবলু গাজীর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ফিরে আসা মৌয়ালরা জানান, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বাঘের আতঙ্ক নিয়েই জীবিকা নির্বাহ করেন তারা।
এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তারা।
মন্তব্য করুন