খবর ২৪ ঘন্টা , ডেস্ক
স্থানীয় সূত্রে জানা যায়, পুল্লা পশ্চিম পাড়ার এই সড়কটির পাশেই রয়েছে প্রায় ৩০০ থেকে ৩৫০ বিঘা আবাদি জমি। প্রতিদিন শতাধিক কৃষক ও সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করে মাঠে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটিতে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতেই কাদামাটিতে একাকার হয়ে পড়ে সড়কটি, ফলে চলাচলে চরম ভোগান্তির শিকার হন এলাকাবাসী।
বিশেষ করে কৃষকদের কৃষিপণ্য আনা-নেওয়া এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে ব্যাপক সমস্যা দেখা দেয়। বর্ষা মৌসুমে অনেক সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় স্থানীয়দের দুর্ভোগ আরও বেড়ে যায়।
এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়নে রাস্তাটিতে আদলা ইট ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবলু। তার এই উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং এলাকাবাসী তার প্রশংসা করছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন