খবর ২৪ ঘন্টা , ডেস্ক
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ চান্দাইকোনা পশুর হাটে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২, সিরাজগঞ্জ।
হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম, কন্ট্রোল রুম স্থাপন ও ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
শনিবার ২৩ মে বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুর হাট পরিদর্শন করেন র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। এ সময় তিনি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
র্যাব সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জসহ আশপাশের জেলার কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। বিশেষ করে চান্দাইকোনা পশুর হাটে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, চুরি, ছিনতাই বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাড়ানো হয়েছে নজরদারি।
এছাড়াও জাল টাকার লেনদেন প্রতিরোধে সাদা পোশাকে র্যাব সদস্যরা হাটজুড়ে তৎপর রয়েছেন। কোনো অসাধু চক্র যেন জোরপূর্বক এক হাটের পশু অন্য হাটে নিয়ে যেতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
র্যাব-১২ জানায়, পশুর হাটে আগত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাদের এই কার্যক্রম ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন