মোঃ আসাদুল্লাহ- , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর তীররক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। বাঘুটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর সলিমাবাদ গ্রামে গত কয়েকদিন ধরে দফায় দফায় নদীভাঙন অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, সর্বশেষ বৃহস্পতিবার চর সলিমাবাদ খেলার মাঠ সংলগ্ন যমুনা নদীর তীরে নতুন করে ভাঙন দেখা দেয়। ভাঙনস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরেই রয়েছে একটি মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান ও খেলার মাঠ। ভাঙন অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই এসব গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চর সলিমাবাদ ও ভুতের মোড় এলাকায় নদীভাঙন চললেও স্থায়ী সমাধান না হওয়ায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। একাধিকবার জিওব্যাগ ডাম্পিং করা হলেও তা টেকসই প্রতিরোধে কার্যকর হয়নি বলে জানান তারা।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান সাইমন বলেন, “চৌহালীর দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি—শুধু জিওব্যাগ নয়, যমুনা নদীতে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। এ অঞ্চলের মানুষ যাতে বসতভিটা না হারায় এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা ও খেলাধুলা করতে পারে, সে জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ায় সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম-এর কাছে আমাদের দাবি—স্থায়ীভাবে যমুনা নদীর ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।”
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, নদীতীর সংরক্ষণ বাঁধে ভাঙন দেখা দেওয়ায় সেখানে দ্রুত জিও ব্যাগ ও জিও টিউব ফেলার ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, অন্যথায় চর সলিমাবাদের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন