খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সামাজিক শান্তি, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে মসজিদের ইমাম ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রায়গঞ্জ থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় ধর্মীয় নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এমন গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সমস্যা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা ও সচেতনতা সমাজে সম্প্রীতি বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ ধর্মীয় সম্প্রীতি অটুট রাখা, সামাজিক শান্তি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় রায়গঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক বন্ধন সুদৃঢ়করণ এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন