খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সংবাদটি প্রকাশের পর তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বৃদ্ধ দম্পতির খোঁজখবর নেওয়া হয়। পরে তাদের হাতে জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের ভারে ন্যুব্জ ও নিঃসন্তান এই দম্পতির কোনো নিয়মিত আয়ের উৎস নেই। ফলে দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটছিল তাদের। অনেক সময় অনাহার-অর্ধাহারে থাকতে হতো। এমনকি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগলেও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার সামর্থ্য ছিল না তাদের।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের দ্রুত উদ্যোগে স্বস্তি ফিরেছে অসহায় এই দম্পতির জীবনে। প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। অসহায় ওই বৃদ্ধ দম্পতির কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের স্থায়ী পুনর্বাসন ও নিয়মিত সহযোগিতার বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।”
এ সময় তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ, দেশীগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. বাবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন