মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন স্থানীয় গ্রামবাসী। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মাদকবিরোধী কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে এলাকায় চিহ্নিত মাদকের আস্তানাগুলো গুঁড়িয়ে দিতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান তাঁরা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বেলকুচিতে কোনো ধরনের মাদক ব্যবসা ও মাদক সেবন বরদাশত করা হবে না। মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি গ্রামবাসী নিজেরাও সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।
বিক্ষোভ মিছিলে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি আব্দুল আলিম প্রামাণিক, সাধারণ সম্পাদক আশরাফ আলী শেখ, থানা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে মিছিলটি গোপালপুর গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় তাঁরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মন্তব্য করুন