মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ গত ১৭ বছরে রাজাপুরে যে উন্নয়ন করতে পারেনি, বর্তমান সরকার আগামী পাঁচ বছরে তা করে দেখাবে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম।
শনিবার (২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ জনগণের ভোটে নয়, বরং রাতের ভোটে নির্বাচিত হয়েছিল। বিপরীতে বর্তমান জনপ্রতিনিধিরা জনগণের ভালোবাসা ও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, "আমাদের কাছে জনগণের চাহিদাই সবার আগে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ পরিচালিত হচ্ছে।"
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আসছি। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যাওয়ার জন্য 'জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি' শুরু করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, জনগণ সঙ্গে থাকায় এ ধরনের কর্মকাণ্ডে কোনো লাভ হবে না, জনগণকে সঙ্গে নিয়েই তা প্রতিহত করা হবে।
রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্যসচিব বনি আমিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।#
মন্তব্য করুন