খবর ২৪ ঘন্টা , ডেস্ক
ইসলামিয়া সরকারি কলেজের বিদায় সংবর্ধনায় বক্তব্য দিচ্ছেন অতিথিবৃন্দ।
আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্মৃতিমাখা এই আয়োজনটি পরিণত হয় শিক্ষক-শিক্ষার্থী মিলনমেলায়, যেখানে আনন্দ ও বেদনার মিশেলে সৃষ্টি হয় এক অনন্য আবহ।
সোমবার বিকেল ৩টায় সদর উপজেলার ধানবান্ধি এলাকায় অবস্থিত ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও ২য় বর্ষের শিক্ষার্থী সিয়াম আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মির্জা সুলতান মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফ-উস সাইদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি বলেন, শিক্ষা জীবনের এই অধ্যায় শেষ হলেও প্রকৃত জীবনের সংগ্রাম এখনই শুরু। সততা, পরিশ্রম ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে গেলে সফলতা নিশ্চিত।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে রাশিদুল ইসলাম নাঈম ও নাজমুল ইসলামসহ অন্যান্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা কলেজ জীবনের নানা স্মৃতি স্মরণ করে শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগঘন এই মুহূর্তে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা পুরো আয়োজনকে প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই বিদায় সংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং স্মৃতি, ভালোবাসা ও নতুন পথচলার এক অনন্য অধ্যায় হিসেবে সবার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।
মন্তব্য করুন