খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নিহত তানজীলা আক্তার লিজা পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রামে নানা বাড়িতে যাচ্ছিলেন তানজীলা। পথে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় পৌঁছে মোটরসাইকেল থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।
ঈদের আনন্দঘন মুহূর্তে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। যে তরুণী নানা বাড়িতে ঈদের দাওয়াত খেতে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত তার সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ পথচলা।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন