খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি ফার্নিচার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে জয়নাল ও আলহাজ্ব ছবেদ আলী মার্কেটের ফার্নিচার পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে স্থানীয়রা প্রথমে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন জয়নাল মুন্সী, শহিদুল ইসলাম, ইউসুফ আলী ও হারাধন সূত্রধর। তারা জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল হাসান জানান ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন