খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দশম শ্রেণির শিক্ষার্থী -এর (১৬) মৃত্যু ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধারের ঘটনায় এখন নতুন মোড় নিয়েছে একটি হাতে লেখা চিরকুটকে কেন্দ্র করে।
গত শুক্রবার (১ মে) সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই চিরকুটে দাবি করা হয়েছে, তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেননি; বরং হুমকি ও মানসিক চাপে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেখানে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় সোমবার বিদ্যালয় মাঠে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া চিরকুটটি আমাদের হেফাজতে রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।”
এদিকে চিরকুটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের দাবি, ঘটনাটি শুধুমাত্র আত্মহত্যা হিসেবে দেখার সুযোগ নেই; এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।#
মন্তব্য করুন