খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জ সদর উপজেলায় গাছে পানি দিতে গিয়ে বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে মো. বায়েজিদ (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) সকালে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ সারটিয়া কলেজপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদে উঠে গাছে পানি দিচ্ছিল বায়েজিদ। এ সময় অসাবধানতাবশত তার পা ফসকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।
পরে সহপাঠী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন