খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্কুলছাত্রী মুনিয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ভূমিহীন সংগঠনের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র সার্বিক সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। এতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, শ্রমজীবী নারী-পুরুষ এবং সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে “খুনিদের ফাঁসি চাই”, “মুনিয়ার হত্যার বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ স্কুলছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযোগ করেন, এ ধরনের ঘটনা সমাজে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের গড়িমসি হলে তা জনমনে ক্ষোভের সৃষ্টি করবে। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এসময় বক্তব্য রাখেন ভূমিহীন নেতা রফিকুল ইসলাম, রীনা বেগম, খোদেজা বেগম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, জলবায়ু ও পরিবেশ কর্মী ফয়সাল বিশ্বাস, ‘নিজেরা করি’র রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলী এবং রায়গঞ্জ উপজেলার অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা মুনিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এলাকাবাসী তাদের পাশে রয়েছে এবং ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে।
উল্লেখ্য, স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুকে কেন্দ্র করে রায়গঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।#
মন্তব্য করুন