খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে কর্দমাক্ত ও বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
রবিবার (১০ মে) দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে হাঁটুসমান জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে। এছাড়া প্রতিবছর এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে বিদ্যালয়টিতে বিপুল সংখ্যক পরীক্ষার্থী ও অভিভাবকের আগমন ঘটে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে তাদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মানববন্ধনে অংশ নিয়ে দশম শ্রেণির শিক্ষার্থী এস এম শাহারিয়ার শাফি বলেন, “হালকা বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। কাদা আর পানির কারণে বিদ্যালয়ে পৌঁছানো কষ্টকর হয়ে পড়ে। আমরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাই।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাদি তালুকদার বলেন, “রাস্তার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না। কাদায় পোশাক নষ্ট হওয়ার আশঙ্কায় তারা নিরুৎসাহিত হয়। দ্রুত সংস্কার না হলে শিক্ষার পরিবেশ ব্যাহত হবে।”
মানববন্ধনে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি লিটন কুমার গুন। তিনি বলেন, “এই বিদ্যালয়ে আমাদের কোমলমতি সন্তানরা লেখাপড়া করে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। শিক্ষার্থীরা চলাচলের সময় পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়, জামাকাপড় নষ্ট হয়। বাজার উন্নয়ন কমিটিসহ সংশ্লিষ্টদের কাছে অনুরোধ, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। অন্যথায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
সোনাখাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া বলেন, “বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।”
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমানো যায়।”
মন্তব্য করুন