খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বুড়াকালীবাড়ী এলাকা থেকে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
সোমবার (১১ মে) সকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩টি সিসি ক্যামেরা, ১ পিস ইয়াবাসহ বিভিন্ন চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আটক আশরাফুল ইসলাম বগুড়া জেলার শাহজাহানপুর থানার মৃত আমজাদ হোসেনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি চান্দাইকোনা ও আশপাশের এলাকায় টোকাই সেজে চুরি ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।
পরে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক আবু হাসেম ও স্থানীয় জনসাধারণ মিলে তাকে রায়গঞ্জ থানায় সোপর্দ করেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান জানান, “আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন