মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্রের চিত্রপটে জুতা নিক্ষেপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে বেলকুচি উপজেলার সদর হাসপাতাল গেট সংলগ্ন আঞ্চলিক সড়কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি বৈদ্যনাথ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. অমৃত নারায়ণ দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি নারায়ণ মালাকার, পৌর শাখার সভাপতি পলাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক পাপ্পু সাহাসহ স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্রের চিত্রপট অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন অপপ্রচার অত্যন্ত নিন্দনীয় ও ন্যক্কারজনক। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব।
মানববন্ধনে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
মন্তব্য করুন