খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলামসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আয়নুল হক বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে যাতায়াত যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও সহজ ও গতিশীল করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪১ জন শিক্ষার্থীর মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা সহজে ও দ্রুত বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, দীর্ঘ পথ হেঁটে বিদ্যালয়ে যেতে তাদের অনেক সময় ও কষ্ট হতো। এখন বাইসাইকেলের মাধ্যমে তারা কম সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে, যা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে।
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য করুন