খবর ২৪ ঘন্টা , ডেস্ক
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুজ্জামান সরকার রোম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার এবং রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এ সময় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন