খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রাস্তাঘাটের বেহাল দশায় বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ও পৌর এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। প্রধান প্রধান সড়কজুড়ে সৃষ্টি হওয়া বিশাল আকৃতির খানাখন্দ, ভাঙা পিচ ও বৃষ্টির পানিতে জমে থাকা কাদা এখন জনসাধারণের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ হাজারো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিয়মিত পৌরকর পরিশোধ করেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বাসস্ট্যান্ড থেকে ধানগড়া সেন্টার পয়েন্ট পর্যন্ত চলমান সংস্কারকাজের ধীরগতির কারণে এ গুরুত্বপূর্ণ সড়কটি এখন প্রায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও কাদার স্তূপ, ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে পুরাতন চৌরাস্তা থেকে পল্লী বিদ্যুৎ মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত চেনার উপায় থাকে না। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও মোটরসাইকেল আরোহীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
ধানগড়া চৌরাস্তা থেকে পৌরসভা কার্যালয়ের সামনে হয়ে পল্লী বিদ্যুৎ মোড় পর্যন্ত ব্যস্ততম সড়কটিও এখন বেহাল অবস্থায় রয়েছে। একইভাবে পৌর কবরস্থান থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সরকারি বিভিন্ন দপ্তরে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটিও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে উপজেলা পরিষদ, বিভিন্ন সরকারি অফিস ও আদালতমুখী মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ছোট ছোট গর্তগুলো এখন বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। শুরুতেই প্রয়োজনীয় মেরামত করা হলে আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। নিয়মিত পৌরকর পরিশোধ করলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি তাদের।
স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও সচেতন নাগরিকদের ভাষ্য, রাস্তাগুলোর এমন নাজুক অবস্থার কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রিকশা, ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাদের দাবি, বর্ষা মৌসুমে সাময়িক মেরামতের পরিবর্তে দ্রুত টেকসইভাবে সড়ক সংস্কার করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দায়িত্বশীলদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনদুর্ভোগ নিরসন এবং পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মন্তব্য করুন