খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদেরও একই হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে।
মন্তব্য করুন