খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরপাড়ে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেওয়া, ১০ বছরের এক শিশুকে মারধর, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদ এবং থানায় দায়ের করা লিখিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করেছেন অভিযুক্ত চায়না বেগম (৪৫)।
সোমবার (১০ আগস্ট) চায়না বেগম বলেন, তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদে ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা হয়নি। ১০ বছরের শিশুকে চড়-থাপ্পড় মারা, ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
চায়না বেগমের দাবি, মাটির ব্যাংককে কেন্দ্র করে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে তাড়াশ থানায় যে লিখিত অভিযোগ করা হয়েছে, সেটিও সঠিক নয়। পূর্বশত্রুতার জের ধরে তাকে হয়রানি করার উদ্দেশ্যে অভিযোগটি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, “আমি কোনো শিশুকে মারধর করিনি, ভয়ভীতি বা হুমকিও দিইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যেই এসব অভিযোগ করা হয়েছে।”
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে চায়না বেগম ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই না করে তাকে দোষী হিসেবে উপস্থাপন না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। মিথ্যা অভিযোগ ও হয়রানির ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রতিকার পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন